
মো.রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে জেলার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত চেকপোস্ট কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।
১২ নভেম্বর এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সাধারণ জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
এ সময় পুলিশ সুপার সঙ্গে উপস্থিত ছিলেন আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোয়াখালীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রমের সার্বিক দিক পরিদর্শন করেন। তিনি মাঠ পর্যায়ে নিয়োজিত পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণ বজায় রাখার আহ্বান জানান।
নোয়াখালী জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই সক্রিয় ভূমিকা জেলার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির বার্তা বয়ে এনেছে।
















