
নিউজ ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও শিশির মনির। জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল ও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গত বছরের ১৯ নভেম্বর খারিজ করেন আপিল বিভাগ। আপিলকারীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় আবেদনটি ওইদিন আদেশে (ডিসমিসড ফর ডিফল্ট) খারিজ করা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর গত আগষ্টে আপিল পুনরুজ্জীবত করার লক্ষ্যে ২৮৬ দিনের বিলম্ব মার্জনা চেয়ে জামায়াতের পক্ষে ওই দুটি লিভ টু আপিল আবেদন করা হয়। এরপর ১ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে আবদন দুটি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর ২২ অক্টোবর বিলম্ব মার্জনা মঞ্জুর করে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত করেন আপিল বিভাগ। ফলে নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ উন্মুক্ত হয়। এর ধারাবাহিকতায় গতকাল আপিলের শুনানি শুরু হয়।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ। পরে ওই রায় স্থগিত চেয়ে জামায়াতের আবেদন ২০১৩ সালের ৫ আগস্ট খারিজ করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের ৭ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।


















