
মো.শান্ত খান, বিশেষ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপি নেতা ও সাভারের জনপ্রিয় ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি। তিনি সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতির দায়িত্বে আছেন।
মঙ্গলবার বিকালে তিনি সাভারের উৎসব প্লাজা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে বিভিন্ন মার্কেট, অলি-গলি ও রাস্তাঘাটে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন,আপনারা জানেন, খুব শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি—ধানের শীষ প্রতীকে ভোট চাইছি।
তিনি আরও বলেন,তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা সেই ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। মানুষকে বোঝাচ্ছি—আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় এলে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রকৃত পরিবর্তন ঘটবে।”
বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন,সাভারে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলোতেই বিএনপি অংশগ্রহণ করেছে এবং ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। আগামী দিনেও দিনের ভোট দিনে হবে—মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ‘ধানের শীষ’ই হবে বিজয়ের প্রতীক।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন,সারা বাংলাদেশে কী হবে জানি না, তবে সাভার ও আশুলিয়ায় ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে—এই প্রতিশ্রুতি দিচ্ছি সাভারবাসীর পক্ষ থেকে।
বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন, এবারের নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আমরা চাই, সবাই যেন নিজের ভোট নিজেই দিতে পারে। তারেক রহমানের সালাম নিন—ধানের শীষে ভোট দিন, এটাই আমাদের আহ্বান।
প্রচারণাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, তরুণ কর্মী এবং বিএনপি-সমর্থিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা জনগণের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।


















