
নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিভিন্ন বাজারে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মনাকষা বাজার, পারচৌকা বাজার, হাজ্ঞামি বাজার, পিয়ালীমারি বাজারসহ আশপাশের এলাকাজুড়ে এই কর্মসূচি পরিচালিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রমে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকী ইদ্রিশীর নির্দেশনায়।
নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়সংগত অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সব বাধা-বিপত্তি অতিক্রম করে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজ উদ্দিন মাস্টার, সাইদুর মেম্বার, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব ওয়াদুদ অমি, আদিনা কলেজ ছাত্রদলের সভাপতি তাইফুর রহমান সাকিব, শাহ নেয়ামত কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমন ছাত্র নেতা রিদয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


















