
বিনোদন ডেস্ক: সমসাময়িক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যেই ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে।
যে কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতজুড়েও এক ধরণের ভুল বার্তা ছড়াচ্ছে। সেখানকার সাধারণ মানুষ তো বটেই তারকারাও বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। সেই কার্যক্রমে অংশ নিয়েই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন তিনি।
মিঠুন বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনো দিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।’
এরপরই পরোক্ষভাবে বাংলাদেশকে সতর্ক করে এই বিজেপির নেতা বলেন, ‘যা সব সর্তকবার্তা শুনছি, টিভিতে দেখছি, তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে। আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।’
সবশেষ মিঠুন বলেন, ‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।’


















