স্টাফ রিপোর্টার | দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া উদ্বেগ দূর করতে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ভয়ের কোনো কারণ নেই। গতকাল শনিবার বিকেলে আরটিভি নিউজকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান।
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার ঢেউ লেগেছে বাংলাদেশেও। রাজধানীর বিভিন্ন পাম্পসহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিন ধরেই গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ভবিষ্যতের আশঙ্কায় প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুদ করার চেষ্টা করছেন।
এ বিষয়ে মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মানুষের মনে কিছুটা ভয় তৈরি হয়েছে, যা স্বাভাবিক। অনেকেই পাম্পে গিয়ে অতিরিক্ত তেল কিনছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই, বাস্তবে দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি একদম স্বাভাবিক আছে।”
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে আজ রবিবার (৮ মার্চ) থেকে দেশজুড়ে রেশন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও এই রেশন পদ্ধতির কথা জানিয়েছিলেন। সরকার বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। পাম্পগুলোতে যাতে বিশৃঙ্খলা না হয়, সেজন্য লিখিত নির্দেশনাও পাঠানো হচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুদ না করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
আরও জানতে চোখ রাখুন…


















