
নিউজ ডেক্সঃ
জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার (২৪ নভেম্বর) একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ বিষয়ে সতর্কবার্তা দেয় প্রতিষ্ঠানটি।
চিঠিতে এনএসসি স্পষ্টভাবে উল্লেখ করে—
জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি বা পরোক্ষভাবে, কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায়, বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় যুক্ত করা যাবে না। কোনোভাবেই তাদের নাম, ছবি, উপস্থিতি বা জনপ্রিয়তা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা নিষিদ্ধ।
ক্রীড়া পরিষদ জানায়, দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের নিরপেক্ষ অবস্থান বজায় রাখা রাষ্ট্রীয় নীতির অংশ। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় খেলোয়াড়দের সম্পৃক্ত করার প্রবণতা বেড়ে যাওয়ায় এই নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় সব ক্রীড়া ফেডারেশন, সমিতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মটি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়। এনএসসি আরও জানায়, কেউ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এ নির্দেশনা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেলোয়াড়দের নিরপেক্ষতা বজায় থাকলে মাঠের পারফরম্যান্স ও আন্তর্জাতিক ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে বলেও মত দেন তারা।


















