স্টাফ রিপোর্টার, নোয়াখালী |
রাজধানীগামী লঞ্চে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে পাশবিক ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর হাতিয়া। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তপ্ত রাজপথ এবার রণক্ষেত্রে পরিণত হলো। মঙ্গলবার রাতে ওছখালী শহরে এনসিপি-যুবশক্তি এবং যুবদলের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে বেঁধে যায় তুলকালাম কাণ্ড। দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে হাতিয়া উপজেলা হাসপাতালের দিক থেকে এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরা ধর্ষকদের বিচারের দাবিতে এক বিশাল মিছিল বের করে। মিছিলটি জিরো পয়েন্টের দিকে এগোলে বিপরীত দিক থেকে আসা যুবদলের একটি মিছিলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যে ওছখালী শহর আতঙ্কের নগরীতে পরিণত হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুই দলের পাল্টাপাল্টি মিছিল চলাকালে আকস্মিক হাতাহাতির সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘এমভি ফারহান-০৪’ লঞ্চে ওই ছাত্রীকে ধর্ষণের পৈশাচিক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী রাজধানীর নামী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ছেন। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। গত সোমবার ভিকটিমের ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
ধর্ষকদের ফাঁসির দাবিতে হাতিয়ার সাধারণ মানুষ ফুঁসলেও রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘর্ষ জনমনে নতুন করে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
আরও জানতে চোখ রাখুন…
















