
একে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার মধ্য বাজারে জয়নাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্র্যাক ব্যাংক পিএলসি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল পৌঁনে ৮টার দিকে ব্যাংকের সার্ভার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনায় আইটি শাখার কয়েকটি যন্ত্রাংশ ও বৈদ্যুতিক তার পুড়ে গেলেও ব্যাংকের অন্যান্য কক্ষ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও লকার অক্ষত রয়েছে। ব্যাংক খোলার আগে নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে কর্মকর্তা ও ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়।
সকাল সোয়া ৮টা থেকে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজার মো. রফিকুল ইসলাম খাঁন জানান, সার্ভার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের পর ব্যাংকের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে কারণ হিসেবে দেখা হচ্ছে। তদন্ত শেষে পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
















