
মো.রিয়াজুল সোহাগ,নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া কাটছে না রাজনৈতিক অঙ্গনে। দাফন সম্পন্ন হওয়ার পরদিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। সেখানে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন এবং দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক জরুরি বার্তায় জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৭টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়েই গুলশান কার্যালয়ে ছুটে গিয়েছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেখানে তারা শোক বইয়ে স্বাক্ষর করেন। গতকাল বুধবার মরহুমার জানাজাতেও সশরীরে উপস্থিত ছিলেন জামায়াত আমিরসহ দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা। শোকের এই মুহূর্তে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রের প্রতি সংহতি জানাতেই আজ সন্ধ্যায় পুনরায় এই সফর।
সংবাদ টি শেয়ার করুন……….


















