
ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগীতায় নোয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করেছেন চাটখিলে মো: ইয়াছিন আরাফাত শাওন। ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। মো: ইয়াছিন আরাফাত শাওন চাটখিলের ইসলামপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র।
সোমবার(১০ ফেব্রুয়ারী) সকালে নোয়াখালী ভুলুয়া স্টেডিয়ামে এই আয়োজন করে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। ৫৩তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় এই অর্জনে সর্বস্তরে প্রশংসায় ভাসছেন ওই শিক্ষার্থী। তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোষ্ট করেছেন অনেক শিক্ষক-শিক্ষার্থীরা।
জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সভাপতিত্বে প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
এ সময়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
















