
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২১শে জুন ২০২৬, রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি যাত্রা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।
বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র মানবজমিনকে জানায়, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের প্রধান এবং সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, জনশক্তি রপ্তানি, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ড.জুবাইদা রহমান ও সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও বিশেষ প্রতিনিধি দল।
মালয়েশিয়া সফর শেষে আগামী ২৩শে জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন…


















