
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় পলাতক স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে যুবলীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে মো. শাহজাহান। তিনজনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতে পলাতক শেখ হাসিনার জন্মদিনে রবিবার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে একটি কেক কেটে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে দোয়া শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতাদের উপস্থিতিতে কেক কাটা, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ও দোয়া হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিও প্রকাশের পর রাতেই পুলিশ তৎপর হয়ে ওঠে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
















