
অনিক কুমার দাস, সদর উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ড কাটাবিল এলাকায় মহরম নামের এক যুবককে মোটরসাইকেল গতিরোধ করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে নগরীর ১৫ নং ওয়ার্ড কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো: মহরম (৩৫) কুমিল্লা নগরীর মুরাদপুর উত্তর পাড়ার মৃত চারু মিয়ার ছেলে। তিনি অটো চালানো ও ছোটখাটো ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। পরিবারে রয়েছে দুই সন্তান, আর গর্ভবতী স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে মহরম তার দুঃসম্পর্কের মামা অপু মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি থেকে যাচ্ছিলেন পথিমধ্যে কাটাবিল রাস্তার মাথায় পৌঁছালে জাবেদ, বাপ্পি, শ্যামলসহ কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে বলে জানান প্রত্যক্ষদর্শী অপু মিয়া । এ সময় অপুকে সরিয়ে দিয়ে তারা পূর্ব পরিকল্পিতভাবে মহরমের মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মহরম গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মহরমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ ১৮ টি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর শুনতে পায় স্হানীয়রা মহরমকে উদ্বার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে যেয়ে জানতে পারি সে মারা গেছে। নিহত মহরমের ১৮-২০টি মামলা রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম তদন্ত করছে পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
















