
ঈদের আগে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অ্যাকশন
এ. কে. পলাশ, কুমিল্লা, স্টাফ রিপোর্টার||
আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে অপরাধীদের আস্তানায় জোরদার অ্যাকশনে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদকে কেন্দ্র করে পশুবাহী গাড়ি, ঘরমুখো মানুষ ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লাজুড়ে চলছে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান। গত এক মাসে জেলাজুড়ে চিরুনি অভিযান চালিয়ে ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, চুরির মালামাল ও বিপুল পরিমাণ মাদকের চালান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম-এর কঠোর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করছে।
ডিবি ও থানা পুলিশের ব্যাপক তৎপরতা
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত এক মাসের অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এককভাবে সর্বোচ্চ ৪৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়া মহানগরের কোতোয়ালি থানা পুলিশ ৩৮ জন, সদর দক্ষিণ থানা পুলিশ ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা পুলিশ ৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
যা উদ্ধার হলো:
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তলসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সীমান্তে মাদকবিরোধী কঠোর অভিযান
ভারত সীমান্তবর্তী জেলা হওয়ায় কুমিল্লা সব সময়ই মাদক চোরাকারবারিদের টার্গেট পয়েন্ট। ঈদকে সামনে রেখে মাদক চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় পুলিশও তাদের প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। গত এক মাসের অভিযানে জেলার বিভিন্ন পয়েন্ট থেকে ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ারসহ বিপুল পরিমাণ মাদকের বড় বড় চালান জব্দ করা হয়েছে।
নিরাপত্তা নিয়ে যা বললেন পুলিশ সুপার
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন—
”ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো সাধারণ মানুষ, কোরবানির পশুবাহী যানবাহন এবং সাধারণ যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ কুমিল্লা গঠনে আমরা বদ্ধপরিকর।”
তিনি ঈদকে উৎসবমুখর ও নিরাপদ করতে এবং অপরাধ দমনে জেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।
সত্য প্রকাশে, বিডিনিউজ24 এ চোখ রাখুন সাথে থাকুন…
















