
এ.কেপলাশ, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নাঙ্গলকোটে খিলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আহসান হাবিব মজুমদার (৫২) ও উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, আহসান হাবিব পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারের নিজের জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে নাঙ্গলকোট-খিলা সড়ক দিয়ে গ্রামের বাড়ি আসছিলেন। নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহসান হাবিবকে উদ্ধার করে কুমিল্লা বেসরকারি মেডিকেল সেন্টার এবং আরিফুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা নাঙ্গলকোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে দুজন নিহতের কথা শুনেছি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।
















