
ক্রীড়া ডেস্ক: চলতি বিপিএল শুরু হয়েছিল বেশ ইতিবাচকভাবে। তারকা কম থাকলেও মিরপুরের উইকেটে রান হচ্ছিল। ম্যাচ দেখতে দর্শকদের ভিড় ছিল। বিতর্ক শুরুতে যা ছিল তা বুথে টিকিট না পাওয়া নিয়ে।
এরপর শুরু হয় আসল বিতর্ক। বিপিএলের তো বটেই বাংলাদেশের ক্রিকেটের এমনকি বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন করেছে এমন বিতর্ক সৃষ্টি হয়েছে বিপিএলে। দুর্বার রাজশাহী পারিশ্রমিক দিতে পারছে না ক্রিকেটার ও স্টাফদের। যে কারণে ম্যাচ বয়কট করেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।
শুধু রাজশাহী নয় পারিশ্রমিক নিয়ে ঝামেলা আছে চট্টগ্রাম কিংসেও। তারাও সব ক্রিকেটারকে নিয়ম মেনে অর্থ পরিশোধ করেনি। আবার সাত দলের মধ্যে বিসিবিকে ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে মাত্র একটি ফ্র্যাঞ্চাইজি।
এসব বিতর্কের মধ্যে বিপিএল নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন ফরচুন বরিশালে খেলা ইংলিশ ব্যাটার ডেভিড মালান। তার মতে, কারো যদি পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য না থাকে তার ফ্র্যাঞ্চাইজি নেওয়ার দরকার কী?
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ৩৭ বলে ৬৩ রান করে বরিশালকে ম্যাচ জেতানো মালান বলেন, ‘কারও টাকা না থাকলে তিনি দল নেবেন না, খুব সিম্পল। এটাই হওয়া উচিত।’
তবে বরিশালে বিদেশিদের পারিশ্রমিক নিয়ে ঝামেলা নেই বলেও মন্তব্য করেন মালান। বিপিএলে পারিশ্রমিক বিতর্ক থামবে এমনই আশা তার, ‘টুর্নামেন্ট যাই হোক, মৌলিক বিষয় ঠিক রাখা উচিত। আমাদের কাজ খেলা, মালিকের কাজ আমাদের টাকা দেওয়া। এভাবেই এতোগুলো লিগ হচ্ছে। সহজ হিসাব। আশা করি, সামনে এই সমস্যা থাকবে না।’


















