
নিজস্ব প্রতিবেদক, ঢাকা||
রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর হুদা রুবেল (৬৩) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে শনিবার (২৩ মে) আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ মে) নর্থ সার্কুলার রোড এলাকার একটি বাসায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল ওই এলাকার একটি বাড়িতে তার ভাইয়ের পরিবারের সাথে বসবাস করতেন। তার নিজের কোনো স্ত্রী বা সন্তান নেই। ভুক্তভোগী শিশুটি রুবেলের প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন শিশুটিকে একা পেয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেন রুবেল এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ঘটনার দিনই ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, মামলার প্রাথমিক তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে একজন বৃদ্ধ কর্তৃক এ ধরনের অপরাধের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি দাবি করেছেন।
আরও জানতে চোখ রাখুন…


















