
নিজস্ব প্রতিবেদক, ঢাকা|
রাজধানীর কলাবাগানে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ব্যায়াম করার ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (১ জুন) সকালের দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের নাম সাদমান ওয়াসিফ সুপান্ত। তিনি কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্ট্রিট স্কুল এলাকার সি-২৭২ নম্বর বাসায় থাকতেন। সুপান্তর স্থায়ী বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায়। তিনি ওই এলাকার সিরাজুল সালেকিন এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কোনো বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ভারী ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তর মাথায় বা শরীরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর থেকে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে।
আরও জানতে চোখ রাখুন…


















