
ঢাকা প্রতিনিধি: মুক্ত বিশ্বকোষ ‘উইকিপিডিয়া’তে হেযবুত তওহীদ সম্পর্কে প্রকাশিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, উইকিপিডিয়ায় হেযবুত তওহীদ সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ঘৃণামূলক। এগুলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং সংগঠনটির দীর্ঘদিনের সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার একটি চক্রান্তের অংশ।
বক্তারা বলেন, “উইকিপিডিয়ায় হেযবুত তওহীদকে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কালো তালিকাভুক্ত’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ বাস্তবে এমন কোনো সরকারি প্রমাণ বা দলিল নেই যেখানে বলা হয়েছে যে হেযবুত তওহীদ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কালো তালিকাভুক্ত সংগঠন।”
বক্তারা আরও বলেন, “হেযবুত তওহীদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ ধর্মীয় আন্দোলন। এটি ১৯৯৫ সালে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সদস্য জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তার ইন্তেকালের পর বর্তমানে হেযবুত তওহীদের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের বর্তমান ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।”
“গত তিন দশক ধরে হেযবুত তওহীদ শান্তি, সহনশীলতা, মানবতা ও কোরআনের প্রকৃত শিক্ষা নিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে কখনও কোনো সহিংসতা বা অরাজকতার পথ গ্রহণ করা হয়নি। কিছু কুচক্রী মহল ও ধর্মব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে আসছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত হয়ে কেউ কেউ উইকিপিডিয়ায় মিথ্যা তথ্য যোগ করেছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।”
হেযবুত তওহীদের নেতৃবৃন্দ দাবি করেন, “উইকিপিডিয়ায় প্রকাশিত বিভ্রান্তিকর তথ্য অবিলম্বে সংশোধন করতে হবে এবং যারা এ ধরনের তথ্য প্রচারে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া গণমাধ্যম, সিভিল সোসাইটি এবং বুদ্ধিজীবীদের উদ্দেশে আহ্বান জানানো হয়- তারা যেন বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন এবং প্রকৃত সত্য উদঘাটনে এগিয়ে আসেন।”
এসময় আরও উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ, ঢাকা মহানগর সহ সভাপতি আলামিন সবুজ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানী, কেন্দ্রীয় কমিটির সদস্য হারিসুর রহমান প্রমূখ।


















