
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনকে (৩৯) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে অভিযান চালিয়ে তাকে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের আনছার আলীর ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের ২৮নং কার্যকরী সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শাহীন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এমপি নজরুল ইসলাম বাবুর ভাগনি জামাই রবিনের আশ্রয়ে থেকে মাদক বিক্রিসহ নানা অপরাধ কর্মকাণ্ড করে আসছিল। ৫ আগস্টের পর বিএনপির নাম ব্যবহার করে সে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।
আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, শাহীন বিএনপির কেউ না। তিনি বিএনপি সাজার চেষ্টা করছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আপডেট বিডিনিউজ24 কে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে শাহীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। তবে তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা নেই বলে জানান এই কর্মকর্তা।


















