
সনাতন পদ্ধতির পাশাপাশি ঝালকাঠিতে চুন শিল্পে এসেছে আধুনিকতা। এখন মেশিনে চুন তৈরি করে প্যাকিংও হচ্ছে। এরপরও নানা সংকটে কাঙ্ক্ষিত লাভ মিলছে না বলে জানান উদ্যোক্তারা। অবশ্য এ শিল্পকে টিকিয়ে রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক)।
মাছের ঘের, খাল-বিল থেকে সংগ্রহ করা শামুক ও ঝিনুক প্রথমে পরিষ্কারের পর তা দেয়া হয় একটি মেশিনের মধ্যে। সেখানে নানা প্রক্রিয়ার মধ্যদিয়ে তৈরি হয় চুন। পাশাপাশি প্যাকিংও করা হয় একই মেশিনে।
ঝালকাঠিতে চুন শিল্পে এসেছে আধুনিকতা। সনাতন পদ্ধতির পাশাপাশি যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। আগের চেয়ে সহজ হয়েছে উৎপাদন, কমেছে সময়।
কারিগররা বলছেন, চুন শিল্পে নতুন প্রযুক্তি আসায় কাজ অনেক সহজ হয়েছে। তবে বর্তমানে জলাশয়ে শামুক ও ঝিনুক কমে গেছে। পাশাপাশি কাঁচামালের দাম বেড়ে যাওয়া ও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় এ শিল্প টিকিয়ে রাখতে কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তবে চুন শিল্পকে টিকিয়ে রাখতে উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। ঝালকাঠির বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মো. আল আমীন বলেন, শিল্পের সঙ্গে জড়িতদের কারিগরি ও আর্থিক সহায়তা দেয়ার জন্য বিসিক সবসময় প্রস্তুত। উদ্যেক্তাদের যেকোনো প্রয়োজেনে সহায়তা করা হবে।
বংশপরম্পরায় ঝালকাঠিতে চুন শিল্পে জড়িত কৌড়া সম্প্রদায়ের মানুষ। জেলায় ১০টির বেশি চুন কারখানার সঙ্গে জড়িত শতাধিক পরিবার।


















