
http://মোটা অংকের চুক্তি থেকে বাদ পড়লো মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক|
বাইশ গজের লড়াই ছাপিয়ে এখন মাঠের বাইরের রাজনীতিই যেন বড় হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নজিরবিহীন ‘উপদেশে’ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপির মোটা অঙ্কের চুক্তিতে কেকেআরে নাম লেখালেও শেষ পর্যন্ত রাজনীতির বলি হয়ে দল ছাড়তে হয়েছে তাকে। এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে গেলেও খোদ মোস্তাফিজ যেন একেবারেই নির্ভার! বাইরের কোনো হৈচৈ তাকে স্পর্শ করতে পারছে না।
ঘটনার সূত্রপাত কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে। নিরাপত্তা অজুহাতে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দিয়েছে। বিসিবির এমন কড়া অবস্থান আর মোস্তাফিজের বাদ পড়া নিয়ে যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট পাড়ায় তোলপাড় চলছে, তখন এই বাঁহাতি পেসার মজে আছেন নিজের খেলা নিয়ে।
বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মোস্তাফিজ। গত রবিবারের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করে দলকে জিতিয়েছেন তিনি।
দলের অধিনায়ক নুরুল হাসান সোহান ম্যাচ শেষে জানিয়েছেন, আইপিএল নিয়ে বাইরের আলোচনা মোস্তাফিজকে বিন্দুমাত্র বিচলিত করেনি। সোহানের ভাষায়, “মোস্তাফিজ অনেক শান্ত এবং মানসিকভাবে রিল্যাক্সড। সে সবসময় দেশের জন্য সেরাটা দিতে চায়, বাইরে কী হচ্ছে না হচ্ছে—তা নিয়ে সে একদমই ভাবছে না।”
উল্লেখ্য, মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচারও বন্ধ করে দিয়েছে সরকার। বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে ‘উগ্র সাম্প্রদায়িক নীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে রাজনীতির এই ঘোলা জলে মোস্তাফিজ নিজেকে জড়িয়ে ফেলছেন না। তিনি যেন স্পষ্ট বার্তা দিচ্ছেন—মাঠের লড়াইটাই তার আসল ঘর, আর সেখানেই তিনি সেরা।
আরও পড়ুন….


















