
বি. চৌধুরী তুহিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাস্তা সংলগ্ন খাল দখল করে অবৈধ বেল বসানো ও বেশাল জাল অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। ৭ সেপ্টেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত উপজেলার রাজগঞ্জ ও ছয়ানি ইউনিয়নের আশপাশ এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বেল স্থাপন ও বেশাল জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ শিকার এবং খালের ক্ষতিসাধনের অপরাধে মোট ৫টি মামলায় ৫৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫ ধারায় ১টি মামলায় মো. সেলিম (৬৫) নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ৩টি পৃথক মামলায় সংশ্লিষ্টদের ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী নেওয়াজ শরিফ নিকি (৩২) নামের অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। এ সময় বেগমগঞ্জ মডেল থানাধীন রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহায়তা প্রদান করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, খালের স্বাভাবিক পানি প্রবাহ রক্ষা ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
আরও জানতে চোখ রাখুন…
















