নিজস্ব প্রতিবেদক,ঢাকা|
দেশের বাজারে বোতলজাত ও খোলা—উভয় ধরনের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকার পরিবর্তে ১৯৯ টাকায় বিক্রি হবে। একই সঙ্গে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য সমন্বয় আজ থেকেই কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হারজনিত চাপ এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। তিনি আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে। আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন।’
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানিকারকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অযৌক্তিক মজুত ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার পরিস্থিতি নজরদারিতে রাখবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।
আরও জানতে চোখ রাখুন…


















