
সোনাইমুড়ী(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে জোরপূর্বক অন্যের পৈতৃক সম্পত্তি দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জবরদখলের ঘটনায় সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন মির্জানগর গ্রামের নুরুল আমিনের ছেলে ভুক্তভোগী আজগর হোসেন। বুধবার(৪ ডিসেম্বর) সকালে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাটেশ্বর ইউনিয়নের উত্তর মির্জানগর মৌজার ৬২০ নং খতিয়ানের ২৪৬৭ নং দাগের ৩৬ শতাংশ অন্দরে ৮ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক বাদি আজগর হোসেন। তার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করছেন কামাল উদ্দিন পাটোয়ারী বাড়ির মোস্তফা পাটোয়ারীর ছেলে মমিন উল্যাহ সাহিন, বাবর পাটোয়ারি ও সোহাগ।
অভিযুক্ত মমিন তার বসত বাড়ীর সামনের পুকুর পাড়ের জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে। তবে ওই জমি ভুক্তভোগী আজগর হোসেনের ওয়ারিশী সম্পত্তি। দখলের বিষয়ে এলাকায় শালিস-বৈঠক করে সম্পত্তির ঝামেলা মিমাংশা
করতে চাইলে অভিযুক্তরা কোন বৈঠক করতে রাজি হয় না। উপরন্তু ভুক্তভোগীকে মারধর সহ বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়ে থাকে।
তারই ধারাবাহিকতায় বুধবার(৪ ডিসেম্বর) সকালে অভিযুক্তরা ভুক্তভোগী আজগর হোসেনের পৌত্রিক সম্পত্তি দখল করে ঘর নির্মাণ শুরু করে। ভুক্তভোগী বাঁধা দিয়ে ঘর নির্মাণ করতে নিষেধ করলে বিবাদীরা উক্ত সম্পত্তির মালিকানা দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন রকম হুমকি ধমকি দেয়। বর্তমানে জমি দখল ও ঘর নির্মাণকে কেন্দ্র করে ভুক্তভোগী যে কোন সময় হামলার আশঙ্কা করছেন।
ভুক্তভোগী আজগর হোসেন জানান, থানায় অভিযোগ করায় প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধান ও পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বাবর পাটোয়ারি জানান, তিনি নিজের জমিতেই ঘর তুলছেন। সালিশ-বৈঠকে কাগজপত্র দেখে যদি আজগর হোসেন জমি পাওনা থাকেন তাহলে জমি দিয়ে দিবেন।
















