নোয়াখালী প্রতিনিধি

🌏 নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবরের বিরুদ্ধে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে এ ঘটনায় সাংবাদিক সাইফুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টা ১৮ মিনিটের দিকে চাটখিল উপজেলায় বোনের বাসায় অবস্থানকালে সাইফুল ইসলামের ব্যক্তিগত মোবাইলে (০১৮১২৩৫৯১২৫) নম্বর থেকে ফোন আসে। নিজেকে চাটখিল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর পরিচয় দিয়ে ফোনে তাকে চাটখিল বাজারে আসতে বলা হয়।এমনকি ফোনে সাংবাদিক সাইফুলের সঙ্গে অশালীন আচরণ করে এবং অশ্লীল ভাষায় গালাগালি করে। সাংবাদিক সাইফুলকে হত্যা কিংবা বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

ফোন কেটে দেওয়ার পর উক্ত নম্বরে সাংবাদিক সাইফুল ইসলাম গালমন্দ ও হুমকির ব্যাপারে  জানতে কল ব্যাক দিলে যুবদল নেতা আবারও উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে এমনকি প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখায়।

সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আমার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় আমার এবং আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে  আমি বিষয়টি থানায় সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করেছি।

অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “সাইফুল ইসলাম রিয়াদ আমার প্রতিবেশী। আমরা একে অপরের পাশাপাশি থাকি। আমাদের মাঝে ভুল-বোঝাবুঝি হয়েছে। আমি তার সঙ্গে কথা বলে আমরা বিষয়টি মীমাংসা করে নেব।”

এদিকে স্থানীয় সাংবাদিক মহলে এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা সাংবাদিক সাইফুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ঘটনাটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন…

Facebook Comments Box