
নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১৮ বছরের এক তরুণী ও তাঁর ৬০ বছর বয়সী নানার প্রেমের সম্পর্কের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধীন সদর ইউনিয়নের ছোটবেড়াখারুয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মো. কামাল মির্জার ছেলে মো. নাসির উদ্দিন মির্জা সম্প্রতি শাহজাদপুরে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁর স্ত্রী নাসিরের সঙ্গে দুরত্ব বজায় রাখেন। এতে নাসির সন্দেহের বশে স্ত্রীকে প্রশ্ন করলে, তিনি স্বীকার করেন যে তাঁর নানার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে।
নাসির উদ্দিন বলেন, “আমি তাকে বলি, তুমি যদি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িত থাকো, তাহলে আমায় বলো, আমি তোমাকে ছেড়ে দেব। তখন সে কিছুক্ষণ চুপ থেকে নিজের নানার নাম বলে। পরে আমি কৌশলে আমার নানা শ্বশুরকে আমাদের বাড়িতে ডেকে আনি। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, এক বছরের সম্পর্ক ছিল।”
তিনি আরও বলেন, “আমার বাবা ও আমি রাগে তাকে মারধর করি। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে আমার শ্বশুরকে খবর দিয়ে ডাকি এবং রাতে আমার স্ত্রীকে আমাদের বাড়িতে রেখে নানা শ্বশুরকে তার শ্বশুরের কাছে পাঠিয়ে দিই।”
এ বিষয়ে নাসিরের পিতা কামাল মির্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন ফকির মানবজমিনকে বলেন, “ঘটনাটি সত্য। নাসিরের নানা শ্বশুরকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে কবে ও কীভাবে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিতভাবে বলতে পারছি না। আমরা কামাল মির্জাকে বলেছি, শ্বশুরবাড়ির অভিভাবক আসলে যেন আমাদের জানানো হয়।”
তিনি আরও বলেন, “রাতে শুনেছি, নাসিরের শ্বশুর এসে কোনো এক কাগজে সই দিয়ে তার শ্বশুরকে নিয়ে গেছে। এ বিষয়ে মামলা হয়েছে কিনা আমি জানি না।”
স্থানীয়দের মতে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
উল্লেখ্য, ঘটনাটির সত্যতা যাচাইয়ে প্রশাসন এখনও মাঠে নামেনি বলে জানা গেছে।


















