
মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
দিনাজপুর–১(বীরগঞ্জ–কাহারোল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলামের বিজয় প্রত্যয়ে বীরগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের হাবলু হাট পলাশ চৌধুরী মিল চাটালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আজাহারুল ইসলাম রাজা এবং সঞ্চালনা করেন শ্রমিক দলের সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির প্রতীক ধানের শীষকে জয়ী করতে সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা। সভা শেষে কর্মীদের মধ্যে নির্বাচনি প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয় এলাকাজুড়ে শ্রমিক দলের এই মতবিনিময় সভাকে ঘিরে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো স্থান প্রাণবন্ত হয়ে ওঠে।

















