
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (৩১ মে) ভোর সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র বারাদি সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহল দল তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দালালের মাধ্যমে অবৈধ পথে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে চ্যালেঞ্জ করেন এবং পরে তাদের আটক করেন।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে এই ১০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দামুড়হুদা উপজেলার দর্শনা থানায় সোপর্দ করা হবে। সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও জানতে চোখ রাখুন…


















