
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যবসায়ী কামাল উদ্দিনকে হত্যাচেষ্টা, মারধর, নগদ টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা নুরুল আজম ওরফে আজম নুরকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। গত ২ আগস্ট রাতে উপজেলার বিবিরহাট বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিবিরহাট বাজারের বীর জাহানারা কমপ্লেক্সে ‘দুবাই বাবেকা হার্ডওয়্যার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী কামাল উদ্দিন (৪৫)। এই ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে অভিযুক্ত আজম নুরের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল।
মামলার বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কামাল উদ্দিন। পথে ওঁৎ পেতে থাকা আজম নুরসহ ৪-৫ জন দুর্বৃত্ত তার গতিপথ রোধ করে এবং এসএস পাইপ দিয়ে নির্মম হামলা চালায়। এতে কামাল উদ্দিনের ডান হাত ও ডান পায়ে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাই নাছির উদ্দিনকেও বেধড়ক মারধর করা হয়। হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা কামাল উদ্দিনের পকেটে থাকা দোকানের বিক্রির ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এ ঘটনায় নাছির উদ্দিন বাদী হয়ে আজম নুরকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে, পুলিশি তদন্তে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আজম নুরের তাণ্ডবের চিত্রও। মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র ক্যাডার নিয়ে হামলা, উসকানি ও হত্যাচেষ্টায় সরাসরি নেতৃত্ব দেন এই আজম নুর। তৎকালীন সরকার পতনের আন্দোলন দমনে শত শত সশস্ত্র ক্যাডার নিয়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ শিক্ষার্থী-জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে তার বাহিনী। এতে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ গুরুতর আহত হন। ৫ আগস্টের পর থেকে আজম নুর আত্মগোপনে থেকে বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আজম নুরের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, বিবিরহাট বাজারে দোকান দখল, শহীদুল্লাহ চৌধুরীর করা চেক প্রতারণা মামলা, পারিবারিক কলহের জেরে নিজ ভাবির দায়ের করা মামলা এবং নুসরাত জাহান নামের এক নারীর দায়ের করা হত্যাচেষ্টা মামলাসহ একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।
তবে অভিযুক্ত আজম নুরের গ্রেপ্তারের পর তার কিংবা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও জানতে চোখ রাখুন…
















