
সোনাইমুড়ি প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা এলাকায় একটি বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসী প্রাণ হারিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শিবপুর গ্রামের বাসিন্দা রিয়াজ তার বাড়ির পাশে একটি ধানের বীজতলা তৈরি করেন। তিনি সেই বীজতলাকে রক্ষা করার জন্য ইঁদুর মারার উদ্দেশ্যে একটি বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শনিবার ভোরে, সদ্য দেশে ফেরত আসা প্রবাসী মো. নুরুল হুদা সেখানে ২ কেজি ধানের বীজতলা করতে যান। তখনই তিনি প্রতিবেশী রিয়াজের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরবর্তীতে, পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই ফাঁদ পাতা রিয়াজ গা ঢাকা দিয়েছেন।
নিহতের শ্যালক মো. পারভেজ আলম জানান, তার ভগ্নিপতি সম্প্রতি কাতার থেকে দেশে ফিরেছেন এবং ১২ ডিসেম্বর সৌদি আরব যাওয়ার পরিকল্পনা ছিল। স্থানীয়রা বিষয়টি সমাধানের চেষ্টা করছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দেবে না বলেছে। তবে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
















