
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী|
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাধীন চৌমুহনী বাজারের ফলমণ্ডি সংলগ্ন রেললাইন এলাকায় মাদক ও জুয়াবিরোধী এক ঝটিকা অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন। অভিযানে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি চৌকস দল সক্রিয় অংশগ্রহণ করে।
আদালত সূত্রে জানা যায়, মাদকসেবন ও প্রকাশ্য জুয়া খেলার অপরাধে মো. ইমাম হোসেন (৩৬) ও নোমান নোভা (৩২) নামে দুইজনকে আটক করা হয়। আটক ইমাম হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং নোমান নোভাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান শেষে র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর জানান, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন সংবাদমাধ্যমকে জানান, জনস্বার্থে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরণের অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আরও জানতে চোখ রাখুন…
















