নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে শব্দদূষণ রোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ জন বাস চালককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সদর উপজেলার পিটিআই সংলগ্ন এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।
‘আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘন করে নিষিদ্ধ হাইড্রলিক হর্ন ব্যবহারের দায়ে ৪ জন বাস চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে গাড়ি থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম নেয়ামূল কবীর উৎস এবং ইউসুফ আলী। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে কারিগরি সহায়তা প্রদান করেন।
অভিযান চলাকালীন কেবল জরিমানাই নয়, বরং ভবিষ্যতে শব্দদূষণ রোধে চালক ও পথচারীদের সচেতন করতে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের ঝটিকা অভিযান ও তদারকি আগামীতেও অব্যাহত থাকবে।
আরও জানতে চোখ রাখুন…
















