নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ২৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয়দের ভাষ্যমতে, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে দুপুরের পর থেকেই সংগঠনটির প্রায় হাজার খানেক নেতাকর্মী বাঁধেরহাট বাজারে জড়ো হতে শুরু করেন।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের মব সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও, মিছিলকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। নিষিদ্ধ সংগঠনের এই বিশাল শোডাউন জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন:
“মিছিলের সম্ভাব্য তথ্য পেয়ে আমরা আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করেছিলাম। ফলে তারা নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে না পেরে বাজারের বাইরে মিছিলটি করে। তবে ঘটনার পরপরই আমরা অ্যাকশনে নেমেছি।”
ওসি আরও জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগ নেতা রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের কারণে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
আরও জানতে চোখ রাখুন…
















