
মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ফার্মেসি থেকে চুরি হওয়া ওষুধ দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় চোরাই ওষুধ কেনার অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর দিবাগত রাতে ভূরুঙ্গামারী জামতলা মোড়ে অবস্থিত রানা মেডিকেল স্টোরের টিনের চাল কেটে চোরেরা প্রায় চার লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ চুরি করে নিয়ে যায়।
দোকান মালিক এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় সার্কেল এএসপি ও থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর সদর থানা এলাকায় অভিযান চালায়।
এ সময় চুরি হওয়া ওষুধের বেশিরভাগ অংশ উদ্ধার করা হয়।
চোরাই ওষুধ ক্রয়ের অভিযোগে দিনাজপুর জেলার সদর থানার উপশহর এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন (৪৩), মা ফার্মেসীর মালিককে গ্রেফতার করা হয়।
পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন,
“চুরি হওয়া ওষুধের বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”


















