
স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সাড়াশি অভিযান চালিয়ে ২১ দালালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বুধবার (২৫ জুন) সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক সাজা দেওয়া হয়।
অভিযান শেষে র্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন,আমাদের অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি অপরাধ করে থাকে, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।
আটককৃতদের মধ্যে কয়েকজন রয়েছে যারা এর আগেও আটক হন,এবং বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। তারা সাজা ভোগ করে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে।
চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতালকে দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
র্যাবের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। হাসপাতাল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে উৎসাহিত করে। আমরা চাই, এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।
জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক গণমাধ্যমকে জানান, যে ২১ জনকে আটক হয়েছে তাদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনেকে এর আগেও সাজা ভোগ করেছেন।
নিউজটি শেয়ার করুন।
















