
নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম||
চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মসজিদের ইমাম ও মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবদুল বাতেন। তিনি সংশ্লিষ্ট এলাকার একটি মসজিদে ইমামতি করার পাশাপাশি শিশুদের মক্তবে আরবি পড়াতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই শিশু মক্তবে পড়তে গেলে অভিযুক্ত শিক্ষক তাদের ওপর যৌন নিপীড়ন চালান। ঘটনার পর শিশুদের কাছ থেকে বিস্তারিত জেনে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। তাৎক্ষণিকভাবে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আবদুল বাতেনকে আটক করে থানায় নিয়ে আসে।
খুলশী থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) বিকেলেই আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।
পবিত্র ধর্মীয় শিক্ষাদানের স্থানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যেন ভবিষ্যতে কেউ শিশুদের সাথে এমন আচরণ করার সাহস না পায়।
আরও জানতে চোখ রাখুন…
















