
শহিদুল ইসলাম:চট্টগ্রাম নাগরিক ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ও সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুহাম্মদ হাশেম, মোহাম্মদ কামরুল ইসলাম, মিতুল দাশ গুপ্ত, কাজী গোলাপুর রহমান, ওসমান গনি, মনসুর আলম, মোহাম্মদ নূর ও কাজী মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকে।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য নাগরিক ফোরাম নিরবচ্ছিন্নভাবে আন্দোলন-সংগ্রাম করে আসছে। তবে এই সংগ্রামের শিকড় আরও গভীরে—এটি মূলতঃ আশির দশকের শেষভাগে শুরু হওয়া চট্টগ্রাম উন্নয়নের ঐতিহ্যবাহী গণআন্দোলনেরই ধারাবাহিকতা। তিনি বলেন, ২০১৫ সালে চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যা নতুন করে ভয়াবহ রূপ নিলে নগরবাসীর দুর্ভোগ লাঘবে এই অরাজনৈতিক সংগঠনটির জন্ম হয়।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকে জলাবদ্ধতা নিরসন, কালুরঘাট নতুন সেতু নির্মাণ, ওয়াসার পানিতে লবণাক্ততা দূর করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, নিয়মিত গ্যাস সরবরাহ, কোভিড-১৯ মহামারীতে পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা করা এবং অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদসহ নানা নাগরিক দাবিতে ফোরাম কার্যকর ভূমিকা পালন করেছে।
সংগঠনের মূল নীতি তুলে ধরে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্পষ্ট করেন, “চট্টগ্রাম নাগরিক ফোরাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের কাজ নয়। নাগরিকের অধিকার রক্ষা, দৈনন্দিন সমস্যার সমাধান এবং চট্টগ্রামের ওপর যেকোনো অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের মূল লক্ষ্য।” চট্টগ্রামের সমৃদ্ধির স্বার্থে তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ন্যায্য দাবির এই প্ল্যাটফর্মে একাত্ম হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা কালুরঘাট নতুন সেতুর নির্মাণকাজ দ্রত দৃশ্যমান করার জোরালো দাবি জানান। তারা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের নাগরিক সংকট মোকাবিলায় সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি চলমান মেগা প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার এবং জলাবদ্ধতার স্থায়ী নিরসনে দীর্ঘমেয়াদী নতুন পরিকল্পনা গ্রহণের দাবি তোলা হয়।
সভা শেষে মোহাম্মদ উল্লাহ ও আবুল কালামসহ সংগঠনের প্রয়াত সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আরও জানতে চোখ রাখুন…
















