
নিজস্ব প্রতিবেদক,নিউ ইয়র্কঃ
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং প্রথম মুসলিম নারী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছেন। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পবিত্র কোরআন মজিদ স্পর্শ করে তিনি এই ঐতিহাসিক দায়িত্বভার গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নুসরাত চৌধুরীকে অত্যন্ত আত্মবিশ্বাসী দেখা যায়। যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করার সময় তাঁর হাতে ছিল পবিত্র কুরআন। এ সময় তাঁর পরিবারের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁর এই সাফল্যকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় অন্তর্ভুক্তি এবং বৈচিত্র্যের এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
নুসরাত জাহান চৌধুরীর আদি নিবাস বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়। তাঁর বাবা ড. নূরুল চৌধুরী ও মা রিতা চৌধুরী অনেক বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নুসরাত চৌধুরী যুক্তরাষ্ট্রের স্বনামধন্য কলম্বিয়া এবং ইয়েল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU)-এর ইলিনয় শাখার আইনি পরিচালক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। সেখানে তিনি নাগরিক অধিকার রক্ষা এবং বর্ণবৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশংসিত হন।
২০২২ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নুসরাত চৌধুরীকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন। পরবর্তীতে মার্কিন সিনেটের ভোটে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন। তাঁর এই নিয়োগকে বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত গর্বের সাথে উদযাপন করছে।
নুসরাত চৌধুরীর এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি প্রমাণ করে যে মেধা ও নিষ্ঠা থাকলে যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। বাংলাদেশি আমেরিকানদের জন্য এটি এক অনুপ্রেরণার উৎস। মার্কিন বিচার ব্যবস্থায় এখন থেকে তিনি নাগরিক অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাবেন।
আরও পড়ুন, সংবাদটি শেয়ার করুন……..

















