
মোঃনাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েল।
রবিবার (৬ অক্টোবর) রাতে দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় তাঁর নাম জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। তিনি কখনো কোনো পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তোলেননি বা বাইরে পাঠাননি বলে জানান।
তিনি আরও বলেন, দুই বছর আগে অনুষ্ঠিত ওই পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে প্রচারিত তথাকথিত স্ক্রিনশট ও ডিজিটাল তথ্য বিভ্রান্তিকর ও জালিয়াতির মাধ্যমে তৈরি হতে পারে বলেও দাবি করেন তিনি।
শেষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান জানান।

















