
🖼️সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী ৪ আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও জনতার উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আসামীরা হলেন সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র জিয়াউল হক বাচ্চু (৬০), উকিলপাড়ার সিদ্ধার্থ এষ এর পুত্র অর্ক এষ (২৭), ছাতক উপজেলার বাঁশকলা গ্রামের হাজী আলহাজ আলীর পুত্র জাকির হোসেন (৪৩) ও মধুখনি গ্রামের মৃত আহবাব মিয়ার পুত্র
হাজী আসাদ আহমেদ টিটু (৪৬)। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত-১ জন, জিআর পরোয়ানাভুক্ত-১ জন, সাজা পরোয়ানাভুক্ত-১ জন, বিশেষ ক্ষমতা আইনে-৩ এবং অন্যান্য মামলায়-২ জনসহ মোট ১২ জন আসামি গ্রেফতার করা হয়।
এদিকে গত ২৪ ঘন্টার অভিযানে ২৮ মেট্রিকটন ভারতীয় কয়লা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসন খান পিপিএম জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ।


















