
নিউজ ডেস্ক: খাগড়াছড়ি সদর উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন দুই আসামি।
মঙ্গলবার বিকালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আজিজুল হক আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা। যাবজ্জীবন দণ্ড পাওয়া আমিনুল ইসলাম প্রকাশ আমিন (১৯) সদর উপজেলার ভুয়াছড়ি এলাকার বাসিন্দা।
মামলার বরাতে পিপি সৃজনী ত্রিপুরা বলেন, ২০১৯ সালের ১০ জুন ওই ছাত্রী বাড়ির পাশে বেঁধে রাখা ছাগল আনতে যায়। সেই সময় তাকে জোর করে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন ওই ছাত্রী বাদী হয়ে আমিনকে প্রধান ও তাকে সহায়তা করায় আরও দুইজনকে আসামি করে খাগড়াছড়ি থানায় ধর্ষণ মামলা করেন বলে জানান তিনি।
পিপি বলেন, তদন্ত শেষে একই বছরের ১৯ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সাক্ষ্য গ্রহণ শেষে প্রধান আসামি আমিনকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই বছর কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামিপক্ষের আইনজীবী মো. শাহজাহান। তিনি বলেন, “মামলার সময় মাইনর হিসেবে আসামির বিরুদ্ধে মামলা করা হলেও সাজার ক্ষেত্রে তা বিবেচনা করা হয়নি।”
















