
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালত এলাকায় খুন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আসামিদের মধ্যে রিপন দাস পাঁচদিন এবং বিশাল দাস, আমান দাস ও রাজিব ভট্টাচার্যকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য চারদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এসব আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রিপন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই আসামির নাম এজাহারে উল্লেখ ছিল না। তার নাম তদন্তে প্রকাশিত হয়েছে। তাকে আগেও ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
তারপর পুনরায় আজ (মঙ্গলবার) তাকে হাজির করে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। এ ছাড়া, বাকি তিনজন এজাহারভুক্ত আসামি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
















