
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের অ্যাপ্রোচে এ দুর্ঘটনা ঘটে। রাফি নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া সামসু মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের ছাত্র। নিহতের প্রতিবেশী জামাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের অ্যাপ্রোচে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাফি। উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি। তবে থানায় এ বিষয়ে কেউ জানায়নি।
















