
শহিদুল ইসলাম,
পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করতে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে রাঙ্গামাটির নানিয়ারচরে শুরু হয়েছে ‘মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬’।
বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে রোববার (১৩ সেপ্টেম্বর) নানিয়ারচর জোন সদরে এ কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের দিকনির্দেশনায় প্রশিক্ষণ কার্যক্রমটি উদ্বোধন করেন জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।
১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে পার্বত্য এলাকার পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের তরুণরা অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণদের বিনামূল্যে প্রয়োজনীয় মোবাইল সার্ভিসিং টুলস ও অন্যান্য সামগ্রী প্রদান করেছে নানিয়ারচর জোন কর্তৃপক্ষ। প্রশিক্ষণে মোবাইল ফোনের মৌলিক ধারণা, বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ, মেরামত প্রক্রিয়া এবং আধুনিক বিভিন্ন টুলসের ব্যবহারে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, “শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের যেমন কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথ সুগম হবে, তেমনই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।”
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল সার্ভিসিংয়ের ওপর এ বাস্তবমুখী জ্ঞান তরুণদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশ পাহাড়ি অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রতিনিধিরা।
আরও জানতে চোখ রাখুন…

















