
অর্থনীতি প্রতিবেদক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম:
ঢাকা: খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় বিদায়ী আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিএসের তথ্যানুযায়ী, তার আগের মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট। এর আগে গত বছরের আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
প্রতিবেদনে দেখা যায়, আগস্টে মূল ভূমিকা রেখেছে খাদ্য মূল্যস্ফীতি কমে আসা। বিদায়ী মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০২ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। আগস্টে এ হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ এবং আগের বছরের আগস্টে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
গ্রাম ও শহরের চিত্র
আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩১ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। এ সময় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০১ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ।
শহরাঞ্চলেও সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২০ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। আগস্টে শহরে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ।
মজুরি বৃদ্ধির হার
মূল্যস্ফীতি কমার পাশাপাশি জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হারও সামান্য কমেছে। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ দশমিক ০৫ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২২ শতাংশ এবং আগের বছরের আগস্টে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ।
খাতভিত্তিক তথ্যে দেখা যায়, আগস্টে কৃষিখাতে মজুরি প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ০৭ শতাংশ এবং শিল্পখাতে ৭ দশমিক ৯৭ শতাংশ। তবে তিন খাতের মধ্যে সেবাখাতেই সবচেয়ে বেশি—৮ দশমিক ২৫ শতাংশ মজুরি বৃদ্ধি পেয়েছে।
আরও জানতে চোখ রাখুন…


















