
বিশেষ প্রতিনিধি,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম:
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার উপজেলার শাকতলা, বজরা ও মেরিপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার।
দণ্ডপ্রাপ্তরা হলেন— দক্ষিণ শাকতলা এলাকার আরমান হোসেন (২৬), বজরা এলাকার আরমান হোসেন (২২) এবং মেরিপাড়া এলাকার সাইফুল ইসলাম রবিন (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, শাকতলা, বজরা ও মেরিপাড়া এলাকায় গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি জানান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের মাত্রা অনুযায়ী আসামি আরমান হোসেনকে (২৬) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অপর আসামি আরমান হোসেনকে (২২) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং সাইফুল ইসলাম রবিনকে (৩০) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকমুক্ত সমাজ গঠনে এবং মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান অধিদপ্তরের এই কর্মকর্তা।
আরও জানতে চোখ রাখুন…
















