
স্টাফ রিপোর্টার, নোয়াখালী: বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মো. আলা উদ্দিন (আলো)। পেশাগত দক্ষতা, সংগঠন পরিচালনায় বিচক্ষণতা এবং সাধারণ কর্মচারীদের সুযোগ-সুবিধা আদায়ে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বসম্মতিক্রমে তিনি এ দায়িত্ব লাভ করেন।
সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের বিভাগীয় প্রতিনিধি সভায় এই নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি আলা উদ্দিন (আলো) দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশন বিভাগের কর্মচারীদের অধিকার ও কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তাঁকে গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত করায় উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিভাগের অধীনস্থ বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এক যৌথ শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় চট্টগ্রাম বিভাগের রেজিস্ট্রি অফিসসমূহের কর্মচারীরা নবনির্বাচিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অভিনন্দন বার্তায় কর্মচারীবৃন্দ আশা প্রকাশ করে বলেন, মো. আলা উদ্দিন (আলো)-র সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত সমস্যা সমাধানে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. আলা উদ্দিন (আলো) সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। চট্টগ্রাম বিভাগের প্রতিটি রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের স্বার্থরক্ষা ও সংগঠনের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আমি অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি নতুন পরিষদ পরিচালনায় সকলের দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আরও জানতে চােখ রাখুন…
















