
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক নবজাতক ছেলেকে প্লাস্টিকের ড্রামের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে নিজ মাকে আটক করেছে পুলিশ। ১৭ আগস্ট (সোমবার) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির এক ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর নাম ফাতেমা বেগম (১৯)। তিনি একই উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে এবং ওই বাড়ির সৌরভ হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা থেকে নবজাতক শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের মুখে ফাতেমা প্রথমে দাবি করেন, পেছন থেকে কে বা কারা এসে তাঁর মাথায় আঘাত করে শিশুটিকে ছিনিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে তিনি আবারও মনগড়া দাবি করে বলেন, সন্তানকে “জিনে নিয়ে গেছে”।
তাঁর বক্তব্যে চরম অসঙ্গতি দেখে সন্দেহ হলে স্বজনেরা ঘরের ভেতরেই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরে রক্ষিত বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং অভিযুক্ত মা ফাতেমা বেগমকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা স্বীকার করেছেন—শিশুটির অতিরিক্ত কান্নাকাটি ও ঘুমের ব্যাঘাত ঘটানোর বিরক্তি থেকে তিনি নিজে সন্তানকে ড্রামের পানিতে ফেলে চুবিয়ে হত্যা করেছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আরও জানতে চোখ রাখুন…
















